ডেস্ক রিপোর্ট।।
কুমিল্লায় মাদক নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের সাথে তাৎক্ষণিক বৈঠক করেন মনিরুল হক চৌধুরী এমপি।
বৃহস্পতিবার (২৫ জুন) রাতে সার্কিট হাউজে তিনি এ বৈঠক করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট কাইমুল হক রিঙ্কু, অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক বজলুর রহমান, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াশিম, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী প্রমুখ।
বৈঠকে কুমিল্লার চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মনিরুল হক চৌধুরী এমপি বলেন, এভাবে একটি শহর চলতে পারে না। মাদকে চারদিকে সয়লাব। মাদক আগেও ছিলো, এখনো আছে। কিন্তু মাদকের প্রতিবাদ করে স্কুল ছাত্র গুলিবিদ্ধ হবে এটা সীমা অতিক্রম করেছে। আমি এ ঘটনায় অত্যন্ত মর্মাহত হয়েছি। গুলিবিদ্ধ ছেলেটার মা যখন আমাকে প্রশ্ন করলো আমার ছেলে কি স্কুলে যাবে না? স্কুলে থেকে ফিরতে গুলিবিদ্ধ তাহলে আমাদের নিরাপত্তা কই? আমার কোন জবাব ছিলো না।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ারকে উদ্দেশ্য করে বলেন, স্কুল ছাত্র মাদক কারবারিদের হাতে গুলি খাবে আর আপনি ওসি থাকবেন, আমি এমপি থাকবো এটা তো ঠিক নয়। জনগণ আমাকে নির্বাচিত করেছে, তাদের কাছে আমাকে জবাবদিহি করতে হবে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালককে উদ্দেশ্য করে তিনি বলেন, শহর মাদকে সয়লাব। আপনারা কি করেন? আপনাদের কাজটা কি? আপনারন তৎপর হোন।
এ শহর মাদকমুক্ত হতেই হবে। এর পেছনে যতো প্রভাবশালী কেউই থাকুক না কেনো, আমি মাদকের সমূল উৎপাটন করতে চাই।
গুলিবিদ্ধের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারেরও তাগিদ দেন তিনি।