ডেস্ক রিপোর্ট।।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানসহ সব সদস্য একযোগে পদত্যাগ করেছেন। পদত্যাগের পর তাদের পক্ষ থেকে গণমাধ্যমে একটি খোলাচিঠিও পাঠানো হয়েছে।
জানা গেছে, অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশ বাতিল হওয়ায় বর্তমান কমিশনের আইনগত ভিত্তি আর বহাল নেই- এমন প্রেক্ষাপটে তারা পদত্যাগের সিদ্ধান্ত নেন।
গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে ‘জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল’ কণ্ঠভোটে পাস হয়।
বিলে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতির অনুমোদন ও গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই এটি কার্যকর হবে। বিরোধী দলের আপত্তি নাকচ করে ওই অধ্যাদেশ বাতিল করা হয় এবং ২০০৯ সালে প্রণীত ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন’ পুনরায় চালুর সিদ্ধান্ত নেয় সংসদ।
পদত্যাগের বিষয়ে কমিশনের বিদায়ী সদস্য মো. নূর খান বলেন, সরকারের পক্ষ থেকে সরাসরি পদত্যাগ করতে বলা হয়নি। তবে একধরনের অনিশ্চয়তার মধ্যে রাখা হয়েছিল।
তিনি জানান, যেহেতু তারা আগের অধ্যাদেশের ভিত্তিতে নিয়োগ পেয়েছিলেন এবং সেটি বাতিল হয়েছে, তাই পদত্যাগ করাকেই তারা সমীচীন মনে করেছেন।
অন্যদিকে কমিশনের সচিব কুদরত-এ-ইলাহী বলেন, অধ্যাদেশ বাতিল হওয়ায় স্বয়ংক্রিয়ভাবেই আগের কমিশনের কার্যক্রম আর বহাল নেই। তবে সদস্যদের দেওয়া খোলাচিঠি তিনি পড়েননি বলেও জানান।
উল্লেখ্য, চলতি বছরের ৫ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের মেয়াদের একেবারে শেষ দিকে কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ দেওয়া হয়। চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান হাইকোর্টের সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। এছাড়া সদস্য হিসেবে নিয়োগ পান মো. নূর খান, নাবিলা ইদ্রিস, মো. শরিফুল ইসলাম ও মানবাধিকারকর্মী ইলিরা দেওয়ান।