‎চৌদ্দগ্রামে অবৈধভাবে মাটি কাটায় ৫ লক্ষ টাকা জরিমানা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

‎কুমিল্লার চৌদ্দগ্রামের ছুপুয়া ও ডিমাতলী এলাকায় রাতের আঁধারে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় অভিযুক্তদের ৫ লক্ষাধিক টাকা অর্থদন্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া তিনজনকে ১৫ দিন করে কারাদন্ড দেয়া হয়। রোববার তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নূরুল আমিন।

‎জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্নস্থানে কৃষি জমির মাটি কেটে ইটভাটা ও ভরাটের কাজে বিক্রি করছে সংঘবদ্ধ চক্র। ইউএনও অফিস, এসিল্যান্ড অফিসের সামনে ও গুরুত্বপূর্ণ সড়কের মাথায় এ চক্রের বেতনভুক্ত সোর্স থাকায় প্রায় অভিযান সফল হয় না। এছাড়া সাম্প্রতিক সময়ে রাত ৯টার পর থেকে ভোর পর্যন্ত মাটি কাটে চক্রটি। রোববার ভোরে চিওড়া ইউনিয়নের ডিমাতলী এলাকায় রাতের আঁধারে অবৈধভাবে মাটি কাটায় তিনজনকে ১৫ দিন করে কারাদন্ড এবং ৫০০ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়। এরআগে কালিকাপুর ইউনিয়নের ছপুয়া গ্রামে আল আমিন পেট্রোল পাম্পের পেছনের জমিতে অবৈধভাবে মাটি কর্তন করায় অভিযুক্ত ব্যক্তিকে ৫ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।