কুমিল্লায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মালেক-নুরজাহান ফাউন্ডেশনের ঈদ উপহার

স্টাফ রিপোর্টার

সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে মালেক-নুরজাহান ফাউন্ডেশন। বুধবার (১৮ মার্চ) দুপুর ২টায় কুমিল্লা মহানগরীর ২৭নং ওয়ার্ডের সুজানগর এলাকার সরকার বাড়িতে অবস্থিত আবুল মালেক ভূঁইয়া হাফিজিয়া নুরানিয়া মাদরাসা প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান বিএম মালেক রিপন, প্রোগ্রাম অফিসার তৌহিদ হোসেন সরকার এবং সহকারী প্রোগ্রাম অফিসার আবু সুফিয়ানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ঈদের নতুন পোশাকসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। নতুন জামা পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দের উচ্ছ্বাস দেখা যায়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য—একটুখানি সহানুভূতি কি মানুষ পেতে পারে না” এই স্লোগানকে ধারণ করে ২০১৮ সালে মালেক-নুরজাহান ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান বিএম মালেক রিপন বলেন, “আমরা ছোট একটি প্রতিষ্ঠান হলেও সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি। সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান, তারা যেন এগিয়ে এসে সুবিধাবঞ্চিতদের সহযোগিতা করেন।”
তিনি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।