স্টাফ রিপোর্টার
পবিত্র ঈদুল ফিতর ঘিরে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার গোমতী টাওয়ারে ‘কে স্ক্রিন’ নামের নতুন একটি মাল্টিপ্লেক্স চালু হচ্ছে।
ঈদের দুইটি সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ ও ‘বনলতা এক্সপ্রেস’ দেখানো হবে এই মাল্টিপ্লেক্স; গোমতী টাওয়ারের সপ্তম তলায় বিস্তৃত জায়গাজুড়ে তৈরি হয়েছে এটি।
‘কে স্ক্রিন’ মাল্টিপ্লেক্সের পরিচালক ও প্রযোজক খোরশেদ আলম খসরু গ্লিটজকে বলেন, “কুমিল্লায় চালু হওয়া ‘কে স্ক্রিন’ সিনেপ্লেক্সে আপাতত দুইটি স্ক্রিনে সিনেমা প্রদর্শন করা হচ্ছে। এর মধ্যে ‘কে স্ক্রিন ওয়ান’ এ চলবে শাকিব খানের ‘প্রিন্স’, আর ‘কে স্ক্রিন টু’ তে প্রদর্শিত হবে ‘বনলতা এক্সপ্রেস’।
প্রথম হলটিতে রয়েছে ২২৫টি এবং দ্বিতীয় হলে ১৯৫টি আসনের ব্যবস্থা রাখা হয়েছে। দর্শকদের জন্য ৫.১ সাউন্ড সিস্টেম, নিজস্ব সার্ভার এবং আধুনিক প্রজেকশন প্রযুক্তি হলটিতে ব্যবহার করা হয়েছে বলেও জানিয়েছেন খসরু।
মাল্টিপ্লেক্স নিয়ে খসরু বলেন, “ভবিষ্যতে এটিকে ৭.১ সাউন্ডে উন্নীত করার সুযোগও রাখা হয়েছে। হলটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এবং কার্পেটে মোড়া। বিদেশি ও আরামদায়ক আসন ব্যবহারের কারণে দর্শকরা স্বাচ্ছন্দ্যে সিনেমা উপভোগ করতে পারবেন।”
দর্শকরা ভিন্ন অভিজ্ঞতা পাবেন জানিয়ে এই পরিচালক বলেন, “কুমিল্লার দর্শকদের জন্য ‘কে স্ক্রিন’ ঈদের উপহার। অনেকদিন ধরেই এখানে আধুনিক সিনেপ্লেক্সের চাহিদা ছিল। কুমিল্লার এই এলাকাটি জনবহুল এবং একসময় সিনেমা হল সংস্কৃতির জন্য পরিচিত ছিল। আশপাশে একাধিক বিশ্ববিদ্যালয় ও ময়নামতি ক্যান্টনমেন্ট রয়েছে, আমরা দেখলাম এখানে বিনোদনের চাহিদা রয়েছে, কিন্তু সেই তুলনায় সুযোগ কম। সেই ঘাটতি পূরণ করতেই ‘কে স্ক্রিন’ চালু করা হয়েছে। হলটি দর্শকদের জন্য ভিন্ন অভিজ্ঞতা হবে।”
খসরু এক যুগের বেশি সময় ধরে প্রযোজনার সঙ্গে যুক্ত ছিলেন।
এবার উদ্যোক্তা হিসেবে যুক্ত হওয়ার কারণ জানিয়ে তিনি বলেন, “আগে আমরা বলতাম প্রযোজক বাঁচলে সিনেমা বাঁচবে। এখন বলি, সিনেমা হল বাঁচলে প্রযোজক বাঁচবে, আর প্রযোজক বাঁচলে সিনেমা বাঁচবে।”
দেশে একসময় ১৩০০টির বেশি সিনেমা হল থাকলেও বর্তমানে নিয়মিতভাবে চলছে মাত্র ৪৫টি হল, এমন তথ্য তুলে ধরে তিনি বলেন, ‘এই শিল্পকে টিকিয়ে রাখতে হল নির্মাণে গুরুত্ব দিতে হবে’।
আগামী এক থেকে দুই বছরের মধ্যে দেশের বিভিন্ন শহরে ‘কে স্ক্রিন’ এর মোট ২৫টি শাখা চালুর পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন খসরু।