মাইজভান্ডারী মাহফিলকে কেন্দ্র করে লালমাইয়ে সংঘর্ষ, আহত ১০

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার লালমাই উপজেলায় মাইজভান্ডারী মাহফিলকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
সোমবার (৬ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের সিংহরিয়া গ্রামের তিন রাস্তার মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কয়েকদিন আগে জাফরপুর গ্রামে অনুষ্ঠিত একটি মাইজভান্ডারী মাহফিলকে কেন্দ্র করে সিংহরিয়া ও জাফরপুর গ্রামের যুবকদের মধ্যে কথা কাটাকাটি ও বিরোধের সৃষ্টি হয়। এরই জেরে সোমবার রাতে বিষয়টি মীমাংসার লক্ষ্যে সিংহরিয়া ক্লাবে একটি বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকের একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হলে তা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এদিকে গুরুতর আহত সুমন মিয়াকে প্রথমে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে লালমাই থানার ডিউটি অফিসার আবু তাহের বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরবর্তী কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নজরদারি জোরদার করা হয়েছে।”তিনি আরও জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় উদ্বেগ বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে সকলকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।