ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

গাজী রুবেল।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশের পুকুরে ডুবে ইউসুফ নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ( ৭ এপ্রিল ) সকাল আনুমানিক সাড়ে ১১ টায় উপজেলার দুলালপুর ইউনিয়নের নাল্লা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফারুক হোসেন।
নিহত শিশু ইউসুফ ওই এলাকার চেরাগ আলী ব্যাপারী বাড়ির পোশাক শ্রমিক শাহপরানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার আনুমানিক সাড়ে ১১ টায় শিশু ইউসুফ তার সাড়ে তিন বছর বয়সী বড় ভাই ইসমাইলের সঙ্গে বাড়িতে খেলছিল। একপর্যায়ে বড় ভাই ইসমাইল এসে পরিবারের সদস্যদের জানায়, ইউসুফ পুকুরে পড়ে গেছে। পরে পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ইউসুফকে পুকুরে ভাসতে দেখেন। পরে উদ্ধার করে তাকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর বলেন, পানিতে পড়া এক শিশুকে হাসপাতালে নিয়ে এসেছিলেন স্বজনরা। আমরা শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে শিশুটিকে মৃত পাই। পরিবারের সদস্যদের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে পানিতে ডুবে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। এটি অত্যান্ত দুঃখজনক।