স্টাফ রিপোর্টার।।
বন বিভাগের অনুমতিছাড়া গত পাঁচ বছরে কমপক্ষে চারবার বৃক্ষ কর্তন করেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। অধ্যক্ষ জানিয়েছেন, নতুন চারাগাছ লাগানো হবে। বিভাগীয় বন কর্মকর্তা জানিয়েছেন, অনুমতি ছাড়া গাছ কাটলে মামলা হতে পারে।
গণমাধ্যমে প্রকাশিত তথ্যমতে, ২০২০ সালে ছাত্রী হলের প্রবেশপথ ও গেট নির্মাণের জন্য তিনটি গাছ কাটা হয়। ২০২১ সালে উচ্চমাধ্যমিক শাখার ১৩টি বড় গাছ কর্তন করে অধ্যক্ষ বাড়িতে নিয়ে যান। ২০২২ সালে ডিগ্রি ক্যাম্পাসের প্রাণিবিদ্যা ভবন ও কাজী নজরুল হলসহ কলেজ চত্বরের বেশ কয়েকটি স্থানের ছয়টি গাছ কেটে ফেলা হয়। পরের বছর নজরুল হলের একটি বড় রেইনট্রি গাছ কর্তন করা হয়। ২০২৬ সালের জুন মাসেও ডিগ্রি ক্যাম্পাসের আঙিনা থেকে একাধিক গাছ কাটা হচ্ছে।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ উন্নয়ন কমিটির সভাপতি প্রফেসর ড. আব্দুল কুদ্দুস বলেন, আমরা এখানে একটি বক্স ড্রেন নির্মাণ করবো। যার কারণে দুটি গাছ কেটে ফেলতে হয়েছে। দুটি গাছ কেটেছি আমরা, আরো কিছু গাছ লাগাব। গাছগুলো কলেজের আসবাব উন্নয়নে কাজে লাগে।
গাছ কাটা নিয়ে বন বিভাগের অনুমতি প্রসঙ্গে তিনি আরো বলেন, পূর্বে কলেজের কিছু গাছ কাটার জন্য বনবিভাগের অনুমতি করা হয়েছিল। কিন্তু তারা দীর্ঘ আট মাস আমাদের উত্তর জানায়নি৷ পরে তারা কলেজ কর্তৃপক্ষকে জানায়, এটা কলেজের বিষয়।
বন বিভাগের সূত্রে জানা যায়, সরকারি জমি, বনভূমি, শিক্ষাপ্রতিষ্ঠানের গাছ কাটতে হলে সংশ্লিষ্ট বন কর্তৃপক্ষ বা নির্ধারিত বৃক্ষ সংরক্ষণ কর্মকর্তার পূর্বানুমতি প্রয়োজন।
এ বিষয়ে কলেজ শিক্ষার্থী শাফিন আমি সাগর বলেন, গাছগুলো বহুবছরের পুরাতন। ড্রেন নির্মাণ করার জন্য গাছগুলো কেটে ফেলা হয়েছে। গাছগুলো না কেটে ড্রেন একটু বাঁকা করে দেয়া যেত। আমাদের ক্যাম্পাসে এমনিতে গাছ সংকট। তার উপর আবার পুরাতন দুটো গাছ কেটে ফেলা হয়েছে। তীব্র নিন্দা জানাই।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুমিল্লা আঞ্চলিক শাখার সভাপতি বদরুল হুদা জেনু বলেন, সরকারি কলেজ যদি সরকারের আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়, সাধারণ মানুষ কী করবে। একটি গাছ কাটার আগে চারটি গাছ লাগানো উচিত।
কুমিল্লা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন জানান, সরকারি প্রতিষ্ঠানে গাছ কাটার জন্য প্রশাসনিক অনুমোদন এবং নির্দিষ্ট কমিটির মাধ্যমে নিলাম প্রক্রিয়া অনুসরণ করা বাধ্যতামূলক। অনুমতিছাড়া গাছ কাটলে মামলা হতে পারে। ভিক্টোরিয়া সরকারি কলেজের গাছ কাটার কোন আবেদন আমার দৃষ্টিগোচর হয়নি।
এ বিষয়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর আবুল বাশার ভূঁঞা বলেন, আমরা আগামীতে ওই স্থানে আরো গাছ লাগানো হবে। ড্রেনেজ ব্যবস্থার জন্য গাছ কাটা হয়েছে।