বুড়িচংয়ে ইয়াবা সেবনের দায়ে এক ব্যক্তির ১ বছরের কারাদণ্ড

বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ষোলনল ইউনিয়নের ভবানীপুর-ইছাপুরা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত মো. ফারুক ভবানীপুর-ইছাপুরা এলাকার শিরু মিয়ার ছেলে।

অভিযান পরিচালনা করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন। অভিযানের সময় ফারুকের কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। পরে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে বুড়িচং থানা পুলিশের একটি দল সহযোগিতা করে। পুলিশের দলটির নেতৃত্ব দেন এসআই পলাশ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাদকদ্রব্যের অপব্যবহার ও মাদকসেবনের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্টরা জানান।

পুলিশ জানান, দণ্ডপ্রাপ্ত যুবককে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।