দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর

সৈয়দ খলিলুর রহমান।।
‘আমাদের গ্রাম, আমাদের দায়িত্ব’—এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার দেবিদ্বারে অন্ধকারাচ্ছন্ন সড়কে আলো ছড়ানোর উদ্যোগ নিয়েছে মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর। সংগঠনটির উদ্যোগে উপজেলার ওয়াহেদপুর গ্রামের বিভিন্ন সড়কে ২৩টি সোলার লাইট স্থাপন করা হয়েছে।

১১ সেপ্টেম্বর দিনব্যাপী এসব সোলার লাইট স্থাপন করা হয়। এর ফলে রাতের বেলায় গ্রামের বিভিন্ন সড়কে মানুষের চলাচল আরও সহজ ও নিরাপদ হবে বলে আশা করছেন স্থানীয়রা।

কার্যক্রমটির উদ্বোধন করেন টিম ওয়াহেদপুরের প্রতিষ্ঠাতা মো. ইফতেখার আহমেদ মাসুদ। এ সময় সংগঠনের একদল স্বেচ্ছাসেবী লাইট স্থাপনের কাজে অংশ নেন।

ইফতেখার আহমেদ মাসুদ বলেন, ‘আমাদের গ্রাম, আমাদের দায়িত্ব’—এই ভাবনা থেকেই গ্রামের মানুষের সুবিধার জন্য সোলার লাইট স্থাপন করা হয়েছে। মানুষের প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

বক্তারা বলেন, টিম ওয়াহেদপুর শুধু সোলার লাইট স্থাপনের মধ্যেই সীমাবদ্ধ নয়। দরিদ্র পরিবারের বিয়েতে সহযোগিতা, পরিচ্ছন্নতা কার্যক্রম, পাঠাগার স্থাপন ও শিক্ষা খাতসহ সমাজের বিভিন্ন মানবিক কাজে সংগঠনটি নিয়মিত সহযোগিতা করে আসছে।

এ সময় উপস্থিত ছিলেন নকীব আহমেদ, কাজী নুরুল ইসলাম, জসিম উদ্দিন মেম্বার, নজরুল ইসলাম সরকার, হানিফ মাওলানা, জাহাঙ্গীর আলম সরকার মিন্টু, সেলিম ভূঁইয়া, কাজী খোরশেদ আলম, রাসেদুল আল আমিন, আবদুল কাইয়ুম ভূঁইয়া, আবুল কাশেম, আবদুল্লাহ আল মামুন, বিল্লাল মিশুরী, ময়নাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।