ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে দেবিদ্বারে র‍্যালি ও আলোচনা সভা

পারভেজ সরকার,দেবিদ্বার।।
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে কুমিল্লার দেবিদ্বারে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে (১২ সেপ্টেম্বর) দেবিদ্বার উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের উদ্যোগে আয়োজিত র‌্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে বিএনসিসি, স্কাউট ও গার্ল গাইডের সমন্বয়ে পৌর এলাকার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এর আগে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমার সভাপতিত্বে ওই আলোচনা সভায় বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম শহীদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সল উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আনোয়ার হোসেন পাঠান ভুলু, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শহীদুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি

(এনসিপির) উপজেলা কমিটির ভারপ্রাপ্ত আহবায়ক জাহাঙ্গীর আলম, দৈনিক সমকাল প্রতিনিধি সৈয়দ খলিলুর রহমান বাবুল, দেবিদ্বার রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ আক্তার হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পৌর প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, এ জন্য সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর গুরুত্বারোপ করা হয়।

ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে। নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।