তাপস চন্দ্র সরকার।।
বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল কুমিল্লা ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বিকেল ৩টায় কুমিল্লা জেলা আইনজীবী সমিতি ভবনের ৭ নম্বর হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট জসীম উদ্দিন সরকার বলেন, “আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।” রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করার সুযোগ না পেলে জনগণের ন্যায়বিচার পাওয়ার অধিকার বাধাগ্রস্ত হবে।
তিনি বলেন, বিচার বিভাগের স্বাধীনতা শুধু সাংবিধানিক স্বীকৃতির মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না; এর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। বিচারক ও আইনজীবীদের পেশাগত স্বাধীনতা এবং ন্যায়বিচারের পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
অ্যাডভোকেট জসীম উদ্দিন সরকার আরও বলেন, দেশের নাগরিকদের আইনগত অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করতে আইনজীবীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অন্যায়, বৈষম্য ও অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আইনজীবী সমাজকে সোচ্চার থাকতে হবে।
তিনি স্বতন্ত্র আইন সচিবালয় প্রতিষ্ঠার দাবি জানিয়ে বলেন, বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা ও আইনজীবীদের পেশাগত স্বার্থ সংরক্ষণে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা জরুরি। একই সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল কুমিল্লা ইউনিটের উপদেষ্টা কাজী দ্বীন মোহাম্মদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা দক্ষিণের আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান এবং কুমিল্লা জেলা উত্তরের আমির অধ্যাপক আব্দুল মতিন।
সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল কুমিল্লা ইউনিটের সভাপতি মো. নজির আহমাদ হোসাইনী, অ্যাডভোকেট (আপিল বিভাগ), সুপ্রিম কোর্ট। অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাডভোকেট এরশাদুর রহমান।
এ সময় বক্তব্য রাখেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শহিদ উল্লাহ এবং সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী। ওই সম্মেলনে কুমিল্লা ইউনিটের নেতৃবৃন্দ ও সংগঠনের আইনজীবী সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল কুমিল্লা ইউনিটের নতুন নেতৃত্ব হিসেবে সভাপতি পদে অ্যাডভোকেট শহিদ উল্লাহ এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরীর নাম ঘোষণা করা হয়।