রাহাদুল ইসলাম সুজন, কুবি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) সদস্য সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৫ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিভিন্ন শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থীদের মধ্য থেকে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও সংবাদদাতাদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস) এর দপ্তর সম্পাদক আনিসুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতীয় দৈনিক, স্থানীয় দৈনিক, বার্তা সংস্থা, দেশীয় টেলিভিশন চ্যানেল ও মানসম্মত অনলাইন সংবাদমাধ্যমে কর্মরত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা সদস্যপদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী হতে হবে এবং সংশ্লিষ্ট গণমাধ্যমের নিয়োগপত্র অথবা পরিচয়পত্র থাকতে হবে।
এ ছাড়া আবেদনের সঙ্গে সর্বশেষ ছয় মাসে সংশ্লিষ্ট গণমাধ্যমে প্রকাশিত কমপক্ষে পাঁচটি বিশেষ সংবাদ জমা দিতে হবে। পাশাপাশি কুবিসাসের কার্যনির্বাহী পরিষদের যেকোনো তিনজন সদস্যের সুপারিশ থাকতে হবে।
তবে জাতীয় দৈনিক থেকে এখনো নিয়োগপত্র পাননি, এমন নিয়মিত সংবাদদাতারা গণমাধ্যম কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র জমা দিয়ে আবেদন করতে পারবেন। সে ক্ষেত্রে সর্বশেষ তিন মাসে বিশ্ববিদ্যালয়-সম্পর্কিত প্রকাশিত পাঁচটি সংবাদ প্রদর্শন করতে হবে। তবে এ প্রত্যয়নপত্রের মাধ্যমে দ্বিতীয় মেয়াদে সদস্যপদ নবায়ন করা যাবে না।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্ধারিত আবেদনপত্রের মূল্য ৩০০ টাকা এবং আবেদনপত্র সংগ্রহের জন্য ০১৮৭৮২৫৪৮৪৬ ও ০১৬৪৪২৫৫৯৫৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
আগ্রহী প্রার্থীদের আগামী ১২ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ বিকেল ৪টার মধ্যে আবেদনপত্র বাছাই কমিটির কাছে জমা দিতে হবে।