দেবীদ্বারে ২০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

তাছকিয়া রহমান প্রতিভা, দেবীদ্বার।।

কুমিল্লার দেবীদ্বারে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে মাদক বিক্রির টাকাসহ গ্রেফতার করে রবিবার (৮ নভেম্বর) দুপুরে কুমিল্লা আদালতে পাঠিয়েছে দেবীদ্বার থানা পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে উপপরিদর্শক (এসআই) সাগর বড়ুয়ার নেতৃত্বে একদল পুলিশ দেবীদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের মধ্যপাড়ায় অভিযান চালিয়ে মো. আলাউদ্দিন (৩১) নামে এক মাদক কারবারিকে ১৫০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ২ হাজার ১০০ টাকাসহ গ্রেফতার করে। আটক মো. আলাউদ্দিন ভিংলাবাড়ি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

অপর অভিযানে উপপরিদর্শক (এসআই) আশরাফের নেতৃত্বে উপজেলার দক্ষিণ রাঘবপুর গ্রামের ব্রিজের পাশে তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে মো. রুহুল আমিন (৩৬) নামে অপর এক মাদক কারবারিকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। মো. রুহুল আমিন ব্রাহ্মণপাড়া উপজেলার মো. গিয়াস উদ্দিন ওরফে তফাজ্জল মেম্বারের ছেলে।

এ ব্যাপারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, মাদকবিরোধী অভিযান আমাদের নিয়মিত অভিযানেরই অংশ। আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।