৩৫ বছরের শিক্ষকতা জীবনের ইতি; ফুলে সাজানো গাড়িতে রাজকীয় বিদায় পেলেন প্রধান শিক্ষিকা ফজিলাতুন্নেছা

পারভেজ সরকার, দেবিদ্বার।।

দীর্ঘ প্রায় ৩৫ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরে গেলেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৭৭ নং মাশিকাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ ফজিলাতুন্নেছা। দীর্ঘ কর্মজীবনের অবদানের স্বীকৃতিস্বরূপ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তাঁকে দেওয়া হয়েছে রাজকীয় বিদায় সংবর্ধনা। ফুলে সাজানো গাড়িতে করে তাঁর বিদায়ের আয়োজন ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ।

বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ও ভালোবাসায় সিক্ত হন বিদায়ী এই শিক্ষিকা। পরে ফুলে সজ্জিত গাড়িতে করে তাঁকে বিদায় জানানো হয়। এ সময় শিক্ষার্থীদের উপস্থিতি ও বিদায়ের মুহূর্তে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল ওয়াহাব। প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ ওয়াবায়দুর রহমান মুন্সী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আয়েশা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ এমরান হোসেন।

দীর্ঘ প্রায় সাড়ে তিন দশকের শিক্ষকতা জীবনে ফজিলাতুন্নেছা নিষ্ঠা, সততা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। অসংখ্য শিক্ষার্থীর শিক্ষাজীবন গঠন, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। তাঁর পাঠদান, আদর্শ ও ভালোবাসায় গড়ে ওঠা শিক্ষার্থীদের কাছে তিনি কেবল একজন শিক্ষক নন, বরং প্রেরণার এক অনন্য মানুষ।

এদিকে, ২০২৬ সালে মাশিকাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কুমিল্লা জেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে। এমন একটি প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দায়িত্ব পালন শেষে তাঁর বিদায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর জন্য বিশেষ আবেগের মুহূর্ত হয়ে ওঠে।

মাশিকাড়াবাসীর পক্ষ থেকে তাঁর দীর্ঘ কর্মজীবনের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে তাঁর অবসরজীবন সুস্বাস্থ্য, শান্তি, আনন্দ ও সুন্দর মুহূর্তে পরিপূর্ণ হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।

শিক্ষকতা থেকে অবসর নিলেও অসংখ্য শিক্ষার্থীর হৃদয়ে তাঁর শিক্ষা, আদর্শ ও স্মৃতি অমলিন থাকবে। ফুলে সাজানো গাড়িতে তাঁর এই বিদায় যেন দীর্ঘ শিক্ষকতা জীবনের প্রতি শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসীর ভালোবাসা ও শ্রদ্ধার এক বিশেষ প্রকাশ।