দেবিদ্বারে ছোট আলমপুর দক্ষিণপাড়ায় মাদক-চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে এলাকাবাসীর জিরো টলারেন্স ঘোষণা

পারভেজ সরকার, দেবিদ্বার:

কুমিল্লার দেবিদ্বারে মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও ইভটিজিং প্রতিরোধে ঐক্যবদ্ধ হয়েছেন ছোট আলমপুর দক্ষিণপাড়া এলাকার যুব সমাজ ও স্থানীয় বাসিন্দারা। এসব সামাজিক অপরাধ নির্মূলে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকারের পাশাপাশি অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছেন তাঁরা। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়ন ও নিরাপদ সামাজিক পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

উপজেলার ডায়না হোটেলে ছোট আলমপুর দক্ষিণপাড়া এলাকার যুব সমাজকে নিয়ে এ আলোচনা সভার আয়োজন করেন দেবিদ্বার পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জহিরুল ইসলাম।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দেবিদ্বার পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোস্তফা কামাল।

সভার আয়োজক ও দেবিদ্বার পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ও সমাজকে রক্ষা করতে হলে এলাকা থেকে মাদক নির্মূল করতে হবে। মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষা এবং শিক্ষার মানোন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, ছোট আলমপুর দক্ষিণপাড়ায় চাঁদাবাজি, কিশোর গ্যাং ও ইভটিজিংয়ের মতো অপরাধ কোনোভাবেই সহ্য করা হবে না। নারীর নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় আমরা আপসহীন। এসব অপরাধের বিরুদ্ধে এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে। অপরাধীদের বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করব।

সভায় উপস্থিত এলাকাবাসীও সামাজিক অপরাধ প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দেন। তাঁরা বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা এবং নারীর নিরাপত্তা নিশ্চিত করতে সবাই সম্মিলিতভাবে কাজ করবেন।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. সিদ্দিকুর রহমান, মোহাম্মদ আরাফাত হোসেন, মোহাম্মদ আল-আমিন, মোহাম্মদ সাইফুল, মোহাম্মদ শামীম, ইউসুফ, আব্দুল্লাহ, মো. হাবিব ও মো. আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার যুব সমাজ।

আলোচনা সভায় বক্তারা দল-মত নির্বিশেষে সবাইকে সামাজিক অপরাধ প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান। তাঁরা বলেন, একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গঠনে এলাকাবাসীর ঐক্যই হতে পারে সবচেয়ে বড় শক্তি।