গোপালগঞ্জে বাস থেকে তুলে নিয়ে ছাত্রদল নেতাকে নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগ

ডেস্ক রিপোর্ট:

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস থেকে তুলে নিয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাব্বির খানকে নির্যাতন ও ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত সাব্বির খান বর্তমানে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী সাব্বির খান ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার মৃত মো. আলকাস খানের ছেলে। শুক্রবার (২৭ নভেম্বর) পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের বাড়ি রাজাপুরে যাওয়ার উদ্দেশে বৃহস্পতিবার বিকেল ৫টায় ঢাকার নর্দা থেকে ইমাদ পরিবহনের একটি বাসে ওঠেন সাব্বির খান। বাসে পাশের আসনে বসা এক ব্যক্তির সঙ্গে কথোপকথনের একপর্যায়ে তিনি নিজেকে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে পরিচয় দেন। পরে ওই ব্যক্তি বাসের পেছনে গিয়ে মোবাইল ফোনে কারও সঙ্গে কথা বলেন।

সাব্বির খানের অভিযোগ, রাত ৮টার দিকে গোপালগঞ্জের পুলিশ লাইন ও ব্যাতগ্রাম এলাকার মাঝামাঝি স্থানে বাসটি থামিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী পরিচয়ে কয়েকজন তাঁর মোবাইল ফোন তল্লাশি করেন। এ সময় ফোনে ছাত্রদলের বিভিন্ন পোস্ট ও পদবির তথ্য পেয়ে তাঁকে বাস থেকে নামিয়ে তুলে নেওয়া হয়।

পরে লাঠিসোঁটা ও অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ২০ জনের একটি দল তাঁকে আটকে রেখে শারীরিক নির্যাতন চালায় এবং মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করে। একপর্যায়ে তাঁর নিজের ফেসবুক আইডি ব্যবহার করে বিএনপি ও ছাত্রদলকে নিয়ে জোরপূর্বক গালিগালাজমূলক বক্তব্য দিতে বাধ্য করা হয় এবং সেই ভিডিও ধারণ করে তাঁর অ্যাকাউন্ট থেকেই প্রকাশ করা হয়। পরে সেখান থেকে পালিয়ে অন্য একটি বাসে করে রাত সাড়ে ১২টার দিকে পিরোজপুর পৌঁছান তিনি। খবর পেয়ে স্থানীয় ছাত্রদল নেতারা তাঁকে সিও অফিস চত্বর থেকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, এ ঘটনার প্রতিবাদে পিরোজপুর জেলা ছাত্রদল প্রস্তুত রয়েছে এবং কেন্দ্রীয় নির্দেশনা পেলে নেতাকর্মীদের নিয়ে গোপালগঞ্জে যাওয়া হবে। এদিকে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক ভিডিও কলের মাধ্যমে আহত সাব্বির খানের খোঁজখবর নিয়েছেন।

পিরোজপুর সদর থানার ওসি মো. শরিফুল ইসলাম জানান, ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনের বিষয়টি জেনে পুলিশ খোঁজখবর নিয়েছে। যেহেতু ঘটনাটি গোপালগঞ্জে ঘটেছে, তাই পিরোজপুর থানায় এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

সূত্র: এশিয়া পোস্ট