স্টাফ রিপোর্টার:
‘দৌড়াবে কুমিল্লা, জাগবে সম্ভাবনা!’ এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কুমিল্লা সিটি রান’। নগরবাসীর মধ্যে সুস্থ জীবনযাপন, শরীরচর্চা, সম্প্রীতি ও তারুণ্যের প্রাণশক্তি ছড়িয়ে দিতে আগামী ২৯ জানুয়ারি ২০২৭ এ দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। কুমিল্লা সিটি করপোরেশন ও কুমিল্লা রানার্সের যৌথ উদ্যোগে এই আয়োজন অনুষ্ঠিত হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, নগরীর ঐতিহ্যবাহী টাউন হল প্রাঙ্গণ থেকে শুরু হবে এই দৌড়। এর মাধ্যমে কুমিল্লার ঐতিহ্য, সৌন্দর্য, তরুণদের উদ্যম ও সুস্থতার বার্তা তুলে ধরার পাশাপাশি সর্বস্তরের নাগরিকদের অংশগ্রহণে উৎসাহিত করা হচ্ছে।
আয়োজনটি সুশৃঙ্খল ও আন্তর্জাতিক মানে বাস্তবায়নের লক্ষ্যে সম্প্রতি কুমিল্লা সিটি করপোরেশনের হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপুর সঙ্গে আয়োজকদের এই সভায় দৌড়ের সার্বিক পরিকল্পনা, ব্যবস্থাপনা ও বাস্তবায়নের নানা দিক নিয়ে আলোচনা করা হয়।
আয়োজনে সার্বিক সহযোগিতা ও কাজের সুযোগ করে দেওয়ায় প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আয়োজকরা।
আয়োজকরা জানান, ‘কুমিল্লা সিটি রান’ কেবল একটি প্রতিযোগিতা নয়, বরং সুস্থতা, ঐক্য ও ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দেওয়ার একটি সামাজিক উদ্যোগ হিসেবে গড়ে উঠবে।
ইতোমধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিবন্ধন (রেজিস্ট্রেশন) কার্যক্রম শুরু হয়েছে। নগরবাসী, তরুণ-তরুণী, দৌড়প্রেমী ও স্বাস্থ্যসচেতন মানুষকে এতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা। তাঁদের প্রত্যাশা, আগামী ২৯ জানুয়ারি কুমিল্লার রাজপথে দৌড়ের মধ্য দিয়ে ছড়িয়ে পড়বে প্রাণের স্পন্দন এবং জাগবে নতুন সম্ভাবনার বার্তা।