দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজে উৎসবমুখর পরিবেশে নবীনবরণ অনুষ্ঠিত

পারভেজ সরকার, দেবিদ্বার:

কুমিল্লার দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজে উৎসবমুখর পরিবেশে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ জহিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সভাপতি সাদেক হোসেন মাহিন, সাধারণ সম্পাদক রিফাত হোসেন, সিনিয়র সহ-সভাপতি হামজা, নাইমুল ইসলাম, শরিফুল ইসলাম ও আশিক, সহ-সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অলিউল্লাহসহ কলেজে অধ্যয়নরত ছাত্ররাজনীতির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষাজীবনে মনোযোগী হওয়ার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়।

নবীনদের বরণ করে নেওয়ার পাশাপাশি অনুষ্ঠানে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। গান, নাচসহ বিভিন্ন পরিবেশনায় মুখর হয়ে ওঠে কলেজ অডিটোরিয়াম। সাংস্কৃতিক পরিবেশনা ও নবীন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি পরিণত হয় আনন্দঘন ও উৎসবমুখর মিলনমেলায়।

নতুন শিক্ষার্থীদের পদচারণায় কলেজ প্রাঙ্গণে তৈরি হয় প্রাণচাঞ্চল্য। নবীনদের কাছে দিনটি হয়ে ওঠে কলেজজীবনের নতুন অধ্যায় শুরুর এক আনন্দময় স্মৃতি।