ডেস্ক রিপোর্ট:
জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশিত ২০২৭ সালের ডেস্ক ক্যালেন্ডারের প্রথম পাতায় সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়াকে ‘শেখ মুজিবের সহধর্মিণী ও শেখ হাসিনার মা’ উল্লেখ করে ছাপানো নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত এবং একজনকে প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে এবং বিতরণকৃত ক্যালেন্ডারগুলো ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এসএম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক।
সারা দেশের ২ হাজার ৩১৮টি অধিভুক্ত কলেজের অধ্যক্ষসহ দেশি-বিদেশি অতিথিদের মাঝে অনুষ্ঠান শেষে উপহার ব্যাগে ২০২৭ সালের ডেস্ক ক্যালেন্ডারটি বিতরণ করা হয়। ক্যালেন্ডারটি ছড়িয়ে পড়ার পর এর জানুয়ারি মাসের পাতায় থাকা একটি ছবির লেখা নিয়ে তীব্র ক্ষোভ ও সমালোচনা শুরু হয়।
আলোচিত ক্যালেন্ডারের জানুয়ারি মাসের পাতার বাম পাশে থাকা ছবিতে দেখা যায়, উপাচার্যের নেতৃত্বে কয়েকজন মোনাজাত করছেন এবং সামনে পুষ্পস্তবক রাখা। পেছনে বেগম খালেদা জিয়ার ছবি সংবলিত ব্যানারে প্রথম লাইনে ছোট ফন্টে লেখা রয়েছে—‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বাঙালি জাতির জননী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা’। দ্বিতীয় লাইনে বড় ফন্টে লেখা—‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার’ এবং পরবর্তী লাইনে লেখা—‘কবর জিয়ারত, পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ’। নিচে লেখা রয়েছে—‘জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’।
বিষয়টি নজরে আসার পর তাৎক্ষণিকভাবে উপাচার্য অধ্যাপক ড. এসএম আমানুল্লাহ সারা দেশে ছড়িয়ে পড়া ক্যালেন্ডারগুলো ফিরিয়ে আনার নির্দেশ দেন। সে অনুযায়ী রোববার (২৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সমন্বয় দপ্তরের পরিচালক আমিনুল আক্তারের তত্ত্বাবধানে সারা দেশে লোক পাঠিয়ে ক্যালেন্ডারগুলো তুলে আনা হচ্ছে।
এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এসএম আমানুল্লাহ জানান, ক্যালেন্ডারের ঘটনায় চারজনকে সাসপেন্ড এবং একজনকে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি আরও জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে ছবি সম্পাদনা করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার ফটোগ্রাফার রাশেদ এ কাজ করেছেন বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।
এদিকে বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্টদের অভিযোগ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে ফ্যাসিবাদের দোসরদের দৌরাত্ম্য বেড়েছে এবং বিতর্কিত ক্যালেন্ডার প্রকাশের পেছনেও তাদের যোগসূত্র থাকতে পারে। এ ছাড়া ৩০ নভেম্বর আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত সমাবেশ বাস্তবায়নেও বিতর্কিত ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।