দেবীদ্বারে শিশু পরিবারের ২৬ শিশুর মুখে উষ্ণতার হাসি

তাছকিয়া রহমান প্রতিভা, দেবীদ্বার:

পৌষের হাড়কাঁপানো হিমেল হাওয়ায় যখন চারপাশ জবুথবু, ঠিক তখনই দেবীদ্বার সরকারি শিশু পরিবারের ২৬ জন কোমলমতি শিশুর জীবনে নেমে এলো এক পশলা মিষ্টি রোদের উষ্ণতা।

রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যার পর সমাজসেবার অর্থায়নে শিশু পরিবারের নিবাসীদের মাঝে শীতের জ্যাকেট, নতুন বছরের শিক্ষার্থীদের স্কুল ও কলেজের পোশাক, বই তুলে দেয়া হয়েছে।

উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা, মুরাদনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও দেবীদ্বার শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক বরুন চন্দ্র দে, দেবীদ্বার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নোমান আহাম্মেদ, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, সাংবাদিক শফিউল আলম রাজীব, আব্দুল আলীম।

নতুন পোষাক ও শীতবস্ত্র পেয়ে শিশুদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং তাদের চোখেমুখে ফুটে ওঠে আনন্দের ঝিলিক।