ঈদের আনন্দ ঘরে ঘরে: ব্রাহ্মণপাড়ার নাগাইশে যুবকদের উদ্যোগে ১৭১ পরিবারে মাংস বিতরণ

গাজী রুবেল, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার নাগাইশ গ্রামে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে গরু জবাই করে মাংস বিতরণ করেছেন স্থানীয় যুবসমাজ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামে ১৭১টি অসহায় ও হতদরিদ্র পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এই মাংস পৌঁছে দেওয়া হয়।
উপহারের মাংস পেয়ে খুশি প্রকাশ করেছেন সুবিধাভোগী পরিবারগুলো। সুবিধাভোগী জেসমিন আক্তার বলেন, “আমরা কোনো রকমে জীবনযাপন করি। ঈদে ভালোভাবে মাংস খাওয়ার সামর্থ্য আমাদের নেই। আজ যে মাংস পেয়েছি, এতে আমাদের পরিবারে ঈদের আনন্দ কিছুটা হলেও বেড়েছে।
আরেক সুবিধাভোগী দুলাল মিয়া বলেন, “হঠাৎ করে এভাবে ঘরে মাংস পৌঁছে যাবে ভাবিনি। আমাদের কথা চিন্তা করে যারা এই সহযোগিতা করেছেন, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিন।”
সুবিধাভোগী টিটু মিয়া বলেন, “গরুর মাংসের দাম বেশি হওয়ায় অনেক পরিবারই কিনতে পারে না। উপহারের মাংস পেয়ে আমরা খুব খুশি। আমাদের মতো অনেক পরিবার এতে উপকৃত হয়েছে।”
উদ্যোগ নেওয়া যুবকদের একজন, সাংবাদিক গাজী মো. রুবেল বলেন, “ঈদ মানে আনন্দ ও খুশি। সেই আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার জন্যই আমাদের এই উদ্যোগ। আমরা বিশ্বাস করি, আশপাশের অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে পারলেই ঈদের প্রকৃত আনন্দ পাওয়া যায়।”
তিনি আরও বলেন, আলহামদুলিল্লাহ এ উদ্যোগ বাস্তবায়নে আল্লাহ তায়ালার অশেষ রহমত ও অনুগ্রহের প্রতি গভীর শুকরিয়া জ্ঞাপন করা করছি। এই উদ্যোগের মাধ্যমে ১৭১টি অসহায় ও হতদরিদ্র পরিবারের হাতে ঘরে ঘরে গিয়ে আমাদের স্বেচ্ছাসেবকরা পৌঁছে দিয়েছেন। গোসত—যা শুধু খাদ্য নয়, ছিল এক টুকরো স্বস্তি, ভালোবাসা ও মানবতার স্পর্শ। এ উদ্যোগে সহযোগিতা প্রদানকারী সকল দাতা প্রবাসীসহ সকলের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও সম্মান। স্থানীয় ও প্রবাসী যুবসমাজের এই সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এর পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।