কুবির আন্তঃবিভাগ ফুটবলে চ্যাম্পিয়ন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, রানার্সআপ লোক প্রশাসন

রাহাদুল ইসলাম সুজন, কুবি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে লোক প্রশাসন বিভাগকে ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে লোক প্রশাসন বিভাগকে ২-১ গোলে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ।

এদিকে টুর্নামেন্টের সেরা গোলদাতা ও ফাইনালের সেরা খেলোয়াড় (ম্যান অব দ্য ফাইনাল) নির্বাচিত হয়েছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের আমির মজুমদার। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় (ম্যান অব দ্য টুর্নামেন্ট) হয়েছেন রানার্সআপ লোক প্রশাসন বিভাগের তাসনিমুর রহমান তানিম। আর সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন চ্যাম্পিয়ন দলের মাজহারুল ইসলাম।

ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক ড. মহিউদ্দিন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরিফুল করিম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার ও অধ্যাপক ড. আব্দুল হাকিম।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এম এম শরিফুল করিম বলেন, “ম্যাচে যারা বিজয়ী এবং রানার্সআপ হয়েছে, আমি তাদের অভিনন্দন জানাই। আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক মডেল বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চাই। এজন্য একাডেমিক কার্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের প্রতিও আমাদের দৃষ্টি রয়েছে।”

তিনি আরও বলেন, “আজকের অভিজ্ঞতার আলোকে আগামী দিনেও আমরা সুশৃঙ্খল ও স্বাস্থ্যকর পরিবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করব। শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, “টুর্নামেন্টের শুরুতে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ এড়িয়ে সুশৃঙ্খলভাবে খেলার আহ্বান জানিয়েছিলাম। শিক্ষার্থীরা সে আহ্বান মেনে পুরো টুর্নামেন্ট সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করেছে। এজন্য সবাইকে ধন্যবাদ জানাই।”

তিনি আরও বলেন, “বিজয়ী দলের পাশাপাশি যারা জয়ী হতে পারেনি, তাদেরও অভিনন্দন জানাই। কারণ প্রতিদ্বন্দ্বিতা ছাড়া কোনো খেলা হয় না। টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জনকারী বাংলা বিভাগকেও অভিনন্দন জানাই।”

উল্লেখ্য, গত ৩০ আগস্ট কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ শুরু হয়। দীর্ঘ প্রতিযোগিতা শেষে বৃহস্পতিবার ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামে।