গাজী রুবেল, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
কুমিল্লা–কসবা আঞ্চলিক সড়ক-এর মানরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্বপাশে এক রহস্যজনক সড়ক দুর্ঘটনায় শাকিবুল হাসান (২৯) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার এসআই সৈকত মজুমদার। তিনি জানান, নিহত শাকিবুল হাসান দেবিদ্বার উপজেলার বড় কামতা গ্রামের মোতালেব হোসেনের ছেলে। তিনি একটি প্রতিষ্ঠানে হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে দেখেন একটি মোটরসাইকেল সড়কের পাশে পড়ে আছে এবং চালক গুরুতর আহত অবস্থায় ছটফট করছেন। তবে কোন গাড়ি তাকে ধাক্কা দিয়েছে—তা কেউ নিশ্চিতভাবে বলতে পারেননি। স্থানীয়দের ধারণা, অজ্ঞাত কোনো দ্রুতগতির যানবাহনের ধাক্কায় তিনি ছিটকে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ বিষয়ে এসআই সৈকত মজুমদার বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শক্রমে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
হঠাৎ এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।