ডেস্ক রিপোর্ট।।
কুমিল্লা জেলায় বিভিন্ন সময়ে সংঘটিত সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের আর্থিক ক্ষতিপূরণ ও পুনর্বাসনের লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর ট্রাস্টি বোর্ডের উদ্যোগে চেক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোট ২৭ জন ব্যক্তি ও তাদের পরিবারের মাঝে সর্বমোট ১ কোটি ২১ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
আজ বিকালে ডিসি অফিসের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে চেকের অর্থ তুলে দেন কুমিল্লা-০৬ আসনের মাননীয় সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম।
বিআরটিএ কুমিল্লা সার্কেলের কর্মকর্তাদের উপস্থিতিতে এই মানবিক সহায়তা কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিএ কুমিল্লা সার্কেলের সহকারী পরিচালক মো. ফারুক আলম, সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) আব্দুল্লাহ আল মামুন, মোটরযান পরিদর্শক মো. তাজুল ইসলাম এবং সহকারী রাজস্ব কর্মকর্তা লিটন কুমার দে।
অনুষ্ঠানে বিআরটিএ’র ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনায় নিহত ২১ জনের প্রত্যেক পরিবারের অনুকূলে ৫ লক্ষ টাকা করে মোট ১ কোটি ৫ লক্ষ টাকা এবং গুরুতর আহত ৬ জনের চিকিৎসার জন্য মোট ১৬ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী বলেন, “সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বা অঙ্গহানি কোনো অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়। তবে বর্তমান সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে তাদের এই দুঃসময়ে কিছুটা আর্থিক স্বস্তি দেওয়ার চেষ্টা করছে। আমরা সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিআরটিএ-সহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছি।”