দাউদকান্দিতে বিএনপির সাবেক সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
আহনাফ তিহামী, দাউদকান্দি।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলা বিএনপির কার্যালয়ের ২১ মাসের ভাড়া বকেয়া থাকার বিষয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ভিপি মো. জাহাঙ্গীর আলম।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় দাউদকান্দি প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভিপি মো. জাহাঙ্গীর আলম বলেন, দাউদকান্দি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের কার্যালয়ের জায়গার মালিক তিতাস উপজেলার জাহাঙ্গীর আলম। তাঁর কাছ থেকে দাউদকান্দির গৌরীপুর এলাকার আমিনুল হক ১ আগস্ট ২০২৪ থেকে ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত তিন বছর মেয়াদে জায়গাটি ভাড়া নেন।
তিনি বলেন, দলীয় কার্যালয়ের জন্য ঘর খোঁজার সময় আমিনুল হক তাঁদের প্রস্তাব দেন যে, তাঁর ভাড়া নেওয়া একটি ঘরে বিএনপির কার্যালয় করা যেতে পারে। পরে আমিনুল হকের সঙ্গে মাসিক ১০ হাজার টাকা ভাড়ায় মৌখিক চুক্তিতে ঘরটি নেওয়া হয়।
ভিপি মো. জাহাঙ্গীর আলমের দাবি, চুক্তি অনুযায়ী আমিনুল হকের মাধ্যমে জায়গার মালিক তিতাসের জাহাঙ্গীর আলমকে প্রথমে অগ্রিম হিসেবে দুই লাখ টাকা দেওয়া হয়। পরে আরও ৫০ হাজার টাকা দেওয়া হয়। সব মিলিয়ে দুই লাখ ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে, যা ২৫ মাসের ভাড়ার সমপরিমাণ।
তিনি আরও বলেন, ঘরটিতে বিদ্যুৎ সংযোগসহ প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে প্রায় তিন থেকে চার মাস সময় লাগে। পরে ২০২৪ সালের ১১ ডিসেম্বর বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন দলীয় কার্যালয়টির উদ্বোধন করেন।
সংবাদ সম্মেলনে ভিপি মো. জাহাঙ্গীর আলম বলেন, গত ৪ অক্টোবর একটি পত্রিকার অনলাইন সংস্করণে ‘দাউদকান্দি বিএনপির পার্টি অফিসের ২১ মাসের ভাড়া বকেয়া’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে দলীয় কার্যালয়ের ছবির ইনসেটে তাঁর ছবিও ব্যবহার করা হয়েছে। এতে তাঁর এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেন তিনি।
জাহাঙ্গীর আলমের দাবি, কার্যালয়ের ভাড়া বকেয়া থাকার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। প্রতি মাসে ১০ হাজার টাকা হিসাবে ২৫ মাসের ভাড়া আমিনুল হকের মাধ্যমে জায়গার মালিককে পরিশোধ করা হয়েছে।
তিনি বলেন, মিথ্যা তথ্যের ভিত্তিতে আমাদের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে। আমরা এ ধরনের সংবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
একই সঙ্গে সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই-বাছাই করার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আসিফ কবির, সংবাদ সম্মেলনে দাউদকান্দি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ভিপি মো. জাহাঙ্গীর আলমসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।