দুর্নীতি-অনিয়মের জালে জর্জরিত ষাইটশালা আদর্শ স্কুল এন্ড কলেজের কলেজ শাখা, শূন্য ফলাফলে স্থগিত পাঠদান
গাজী রুবেল, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ষাইটশালা গ্রামের কৃতি সন্তান ও সাবেক আইজিপি মো. আবদুর রউফ–এর প্রতিষ্ঠিত ষাইটশালা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের কলেজ শাখা নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বর্তমানে সংকটের মুখে পড়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। জানা যায়, সাবেক আইজিপি মো. আবদুর রউফ ২০১২ সালে প্রতিষ্ঠানের কলেজ শাখা চালু করেন। তাঁর প্রত্যক্ষ তত্ত্বাবধানে কলেজটি এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে এবং একাধিকবার শতভাগ পাসের সুনাম লাভ করে আসছে। তবে ২০২৩ সালে তাঁর ইন্তেকালের পর প্রতিষ্ঠানটির শিক্ষার মানের অবনতি ঘটে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, প্রধান শিক্ষক শিবু চন্দ্র সরকার এবং কলেজ শাখায় ইংরেজি ক্লাস নেওয়া কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্বে থাকা সহকারী শিক্ষক মো. জাকিরুল ইসলামের অবহেলা, নানা অনিয়ম ও দুর্নীতির কারণে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় কলেজটির ফলাফল শূন্য (০) আসে। এছাড়া ২০২৪–২৫ ও ২০২৫–২৬ শিক্ষাবর্ষে কলেজ শাখায় কাঙ্ক্ষিত সংখ্যক শিক্ষার্থী ভর্তি হয়নি বলেও জানা গেছে। এমন পরিস্থিতিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা গত ৫ মার্চ ২০২৬ তারিখে কলেজ শাখার পাঠদান সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেয়।
অভিযোগ রয়েছে, প্রধান শিক্ষক শিবু চন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ সংক্রান্ত মামলা নং-১০৬১ এবং নির্বাচন ছাড়া গভর্নিং বডি গঠন সংক্রান্ত মামলা নং-১০৯ আদালতে বিচারাধীন রয়েছে। অর্থ আত্মসাৎ মামলায় তিনি এক পর্যায়ে কারাগারেও ছিলেন এবং পরে জামিনে মুক্ত হয়ে পুনরায় দায়িত্বে যোগদান করেন ।
অন্যদিকে সহকারী শিক্ষক মো. জাকিরুল ইসলামের বিরুদ্ধেও একাধিক অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, তিনি বিধি না মেনে নিজের স্ত্রীকে কলেজ শাখায় নিয়োগ দিয়েছেন এবং ২০২৩ সাল থেকে নিয়মিত দায়িত্ব পালন না করেই বেতন গ্রহণ করেছেন। এছাড়া শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ, বই ও কোচিং বাণিজ্যের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এ বিষয়ে সহকারি শিক্ষক মোঃ জাকিরুল ইসলামকে একাধিকবার যোগাযোগ করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এত অভিযোগ ও অনিয়ম থাকা সত্ত্বেও তারা কীভাবে এখনো দায়িত্বে বহাল আছেন এবং কারা তাদের পৃষ্ঠপোষকতা করছেন এ নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে প্রতিষ্ঠানের আজীবন প্রতিষ্ঠাতা সদস্য মো. মিজানুর রহমান ভূইয়া বলেন, প্রতিষ্ঠানটি এক সময় ভালো ফলাফলের জন্য পরিচিত ছিল। বর্তমানে যেসব অভিযোগ উঠেছে, সেগুলো তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক শিবু চন্দ্র সরকার বলেন, “আমার বিরুদ্ধে যে অনিয়মের অভিযোগ করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা। এ বিষয়ে আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমি প্রায় ২২ দিন কারাগারে ছিলাম, বর্তমানে জামিনে আছি।
গাইড বই কোম্পানির কাছ থেকে টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি স্বীকার করে বলেন, শিক্ষকদের সঙ্গে আলোচনা করে টাকা নেওয়া হয়েছিল। তবে এটা ঠিক হয়নি।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ শহীদুল করিম বলেন, ষাইটশালা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের কলেজ শাখা নিয়ে যেসব অভিযোগ উঠেছে, সেগুলো সম্পর্কে আমরা অবগত আছি। ইতোমধ্যে কুমিল্লা শিক্ষা বোর্ড কলেজ শাখার পাঠদান সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। তার বিরুদ্ধে মামলা চলমান, তদন্তে যদি কোনো অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পাওয়া যায়, তাহলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সহকারি শিক্ষক মোঃ জাকিরুল ইসলাম কলেজ শাখায় তার স্ত্রীকে নিয়োগের প্রসঙ্গে জানতে চাইলে শিক্ষা কর্মকর্তা আরও বলেন সরকারি নিয়মনীতি বর্হিভূত কেউ চাইলে নিয়োগ দিতে পারে না। এগুলো সম্পূন্ন ভূয়া নিয়োগের কোন বৈধতা নেই। এ বিষয়ে জানতে চাইলে স্কুলের সভাপতি ও ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাহমুদা জাহান বলেন, প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকের বিরুদ্ধে আনিত অভিযোগগুলো ক্ষতিয়ে দেখা হচ্ছে, অভিযোগ প্রমানিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। স্থানীয়দের মতে, প্রতিষ্ঠানের সুনাম ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত তদন্ত করে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।