মোঃ নাজিম উদ্দিন, মুরাদনগর।।
‘মাদককে না বলি, সুস্থ সমাজ গঠনে সহায়তা করি, চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষার লক্ষ্যে কুমিল্লার মুরাদনগরে থানা পুলিশের মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বিকেলে মুরাদনগর থানা পুলিশের আয়োজনে এ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে থানা চত্বর থেকে মাদকবিরোধী র্যালিটি বের হয়। বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার নিয়ে র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিআর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
পুলিশ উপ-পরিদর্শক মাসুদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, আজিজ মোল্লা, হাজী ইদ্রিস, উপজেলা বিএনপির সদস্যসচিব মোল্লা মজিবুল হক, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল হাসান খায়রুল হাসান, কওমি ওলামা পরিষদের সভাপতি হাফেজ আমিনুল ইসলাম, এবং বৈষম্যবিরোধী ছাত্র অপরিষ্ঠদের সভাপতি আন্দোলনের আন্দোলনের সমন্বয়ক নাহিদুল ইসলাম।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘মাদক সেবনকারী বা বিক্রয়কারী – কারও সঙ্গে পুলিশের কোনো আপোষ নেই। কোনো মাদক কারবারি ও সেবনকারীকে আমরা ছাড় দেব না। আজ থেকে মাদকের বিরুদ্ধে আমাদের যুদ্ধ শুরু হলো। বর্তমানে আমাদের মাদকবিরোধী অভিযান চলছে, তা অব্যাহত থাকবে। মুরাদনগরের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে আমরা মাদকবিরোধী র্যালি ও সমাবেশ করব।’
সমাবেশে বক্তারা বলেন, মুরাদনগরের ৬ বারের সংসদ সদস্য ও ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের নির্দেশনা অনুযায়ী যেকোনো মূল্যে মুরাদনগরকে মাদকমুক্ত করতে হবে। এককভাবে প্রশাসনের পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। তাই মাদকবিরোধী এ সামাজিক আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। এলাকার মাদক কারবারিদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দেওয়ার জন্যও আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, সমাজ থেকে মাদক সম্পূর্ণ নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি অভিভাবক, শিক্ষক, রাজনৈতিক নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, কৃষকদলের সভাপতি নায়েব আলী, উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তার মিনা, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন, উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, বিএনপি নেতা মো: মুজিবুর রহমান, মো: আলাউদ্দীন, যুবদল নেতা মো: সোহাগ, মাসুম মুন্সী, মো. ইকবাল, মো. আলমগীরসহ পুলিশ কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক, অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।