গাজী রুবেল:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের হুড়ারপাড় গ্রামের গেদু মেম্বার বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। মাত্র দেড় ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুই সহোদর ভাইয়ের মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।
মৃত দুই ভাই হলেন হুড়ারপাড় গ্রামের গেদু মেম্বার বাড়ির মরহুম আসকর আলীর ছেলে জয়নাল আবেদীন জনু (৭০) ও তাঁর বড় ভাই আব্দুল জলিল (৯০)।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৮টার দিকে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান আব্দুল জলিল। বড় ভাইয়ের মৃত্যুর দেড় ঘণ্টা পর, রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ছোট ভাই জয়নাল আবেদীন জনু।
অল্প সময়ের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যুতে পরিবারে নেমে আসে গভীর শোক। খবরটি ছড়িয়ে পড়লে পুরো হুড়ারপাড় গ্রামেও শোকের ছায়া নেমে আসে।
স্থানীয়রা বলছেন, জীবদ্দশায় দুই ভাইয়ের মধ্যে ছিল গভীর স্নেহ ও ভালোবাসার বন্ধন। মৃত্যুও যেন সেই বন্ধনকে আলাদা করতে পারেনি। এক ভাইয়ের মৃত্যুর দেড় ঘণ্টার মধ্যেই আরেক ভাইয়ের বিদায় এলাকাবাসীকেও আবেগাপ্লুত করে তোলে।
পরদিন বুধবার (৭ অক্টোবর) দুপুরে তাঁদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দুই ভাইকে দাফন করা হয়। জানাজা ও দাফনে স্বজনদের পাশাপাশি বিপুল সংখ্যক স্থানীয় মানুষ অংশ নেন। দুই ভাইয়ের মৃত্যুতে তাঁদের পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এলাকাবাসী।
একই সঙ্গে মরহুম আব্দুল জলিল ও জয়নাল আবেদীন জনুর রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন স্বজনরা।