সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত শাহিনের দাফন সম্পন্ন

গাজী রুবেল, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামের প্রবাসী শাহীন মিয়া (৪০)-এর মরদেহ ২২ দিন পর দেশে এনে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার(২৭ ফেব্রুয়ারী) দুপুরে নিহত শাহিনের বাড়ির পাশে জানাযা সম্পন্ন করা হয়। দীর্ঘ প্রতীক্ষা, আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের আহাজারির মধ্য দিয়ে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
নিহত শাহীন মিয়া উপজেলার নাগাইশ গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে। পারিবারিক ও প্রবাসী সূত্রে জানা যায়, সৌদি আরবের দাম্মাম আপকিক-আলহাসা সড়কে গত ৪ ফেব্রুয়ারি (বুধবার) স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তিনি সিইউসি কোম্পানিতে কর্মরত ছিলেন। কোম্পানির একটি গাড়ির চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। দুর্ঘটনার পরপরই শাহীন মিয়ার মৃত্যু হয় এবং স্থানীয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।
জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন শাহীন মিয়া। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে স্ত্রী-সন্তানসহ পুরো পরিবার তার ওপর নির্ভরশীল ছিল। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে আসে গভীর শোকের ছায়া ও আর্থিক অনিশ্চয়তা।
স্বজনরা জানান, মরদেহ দেশে আনার মতো আর্থিক সামর্থ্য তাদের ছিল না। পরে প্রবাসী বাংলাদেশি ও স্থানীয়দের সহযোগিতা এবং প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্নের মাধ্যমে ২২ দিন পর তার মরদেহ দেশে আনা সম্ভব হয়। জানাজা শেষে নাগাইশ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
শাহীন মিয়ার মৃত্যু সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে নাগাইশ গ্রামে শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।