দেবিদ্বার প্রতিনিধি।।
কুমিল্লার দেবিদ্বারে খালে গোসল করতে নেমে পানির প্রবল স্রোতে তলিয়ে ফারিয়া আক্তার নামে ৮ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে|
নিখোঁজ হওয়ার প্রায় তিন ঘণ্টা পর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তার মরদেহ উদ্ধার করে|
সোমবার (১ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার ১নং বড়শালঘর ইউনিয়নের সংচাইল বাসস্ট্যান্ড ব্রিজসংলগ্ন তিতাস নদীর শাখা ‘লক্ষার খাল’-এ এই দুর্ঘটনা ঘটে| নিহত ফারিয়া আক্তার সংচাইল গ্রামের প্রভাতী ফিশারিজের কর্মচারী মো. শাহাদাত হোসেনের মেয়ে|
স্থানীয় সূত্রে জানা যায়, ফারিয়া তার বড় বোন সামিরা (১১) ও কয়েকজন শিশুর সঙ্গে খালে গোসল করতে নামে| একপর্যায়ে খালের প্রবল স্রোতে ফারিয়া ভেসে যেতে শুরু করলে বড় বোন সামিরা তাকে ধরে রাখার চেষ্টা করে| এ সময় তাদের চিৎকার শুনে পাশের এক নারী সামিরাকে টেনে তুলতে সক্ষম হলেও তার হাত থেকে ছিটকে গিয়ে ফারিয়া পানির নিচে তলিয়ে যায়|
প্রতিবেশী সফিউল্লাহ জানান, গোসলে নামা অধিকাংশ শিশুই সাঁতার জানত| কিন্তু হঠাৎ স্রোত বেড়ে যাওয়ায় ফারিয়াকে আর উদ্ধার করা সম্ভব হয়নি| স্থানীয়রা তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি চালিয়েও তাকে খুঁজে পাননি|
খবর পেয়ে মুরাদনগর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে| প্রায় দুই ঘণ্টাব্যাপী তল্লাশির পর বিকেল ৩টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়|
মুরাদনগর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. আমজাদ হোসেন বলেন, খালটি তিতাস নদীর শাখা হওয়ায় পানির স্রোত অনেক বেশি ছিল| এছাড়া ঘটনাস্থলে প্রচুর কচুরিপানা জমে ছিল| প্রায় দুই ঘণ্টার উদ্ধার অভিযান শেষে কচুরিপানার নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়|
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, পরিবারের কয়েকজন সদস্য খালে গোসল করতে নামলে দুই বোন স্রোতে পড়ে যায়| স্থানীয়রা একজনকে উদ্ধার করতে সক্ষম হলেও অপরজনকে পরে ফায়ার সার্ভিস উদ্ধার করে| উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন| ঘটনাটি খতিয়ে দেখতে পুলিশ কাজ করছে|