ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন।
রোববার (১ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি হাজী জসিম উদ্দিন দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন, ব্রাহ্মণপাড়াকে মাদক, সন্ত্রাস ও অবৈধ বালু উত্তোলনমুক্ত করতে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেন, এ জনপদের শান্তি-শৃঙ্খলা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের অপরাধকে প্রশ্রয় দেওয়া হবে না। মাদক কারবারি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশে বলেন, এলাকায় সক্রিয় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। কোনো অবৈধ বাণিজ্য বা প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে হয়রানি করা হলে তা সহ্য করা হবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেন তিনি। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মাহমুদা জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসিবুর রেজাড এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল মতিন, মৎস্য কর্মকর্তা মো. রাগিব হাসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ফারুক আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল করিম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহ আলম খোকন, সহ-সভাপতি মহসিন কবির সরকার, সাধারণ সম্পাদক মো. আমির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ভিপি সরকার জহিরুল হক মিঠুন, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মেদ লাভলুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। পরে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন।