যুক্তির মাধ্যমে পৃথিবী জয় করা সম্ভব – ড. চৌধুরী সায়মা ফেরদৌস 

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস বলেছেন, যুক্তির মাধ্যমে পৃথিবী জয় করা সম্ভব। যুক্তির মাধ্যমে অনেক জটিল সমস্যার সমাধানও সম্ভব। অনেক সময় আমাদের গলার স্বর উঁচু করলেও আমাদের যুক্তি থাকে দুর্বল। বিতর্কের মূল উদ্দেশ্য হলো গঠনমূলক ও শক্তিশালী যুক্তি উপস্থাপনের মাধ্যমে নিজের অবস্থান প্রতিষ্ঠা করা।

রোববার (৪ অক্টোবর) কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় মাধ্যমিক পর্যায়ের বিতর্ক প্রতিযোগীতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যুক্তি নির্ভর পৃথিবীতে শক্তিশালী আগ্নেয়াস্ত্রও হার মানবে। তথ্য প্রযুক্তির যুগে আপনার কাছে যতো বেশী তথ্য থাকবে আপনি ততোই শক্তিশালী হবেন।

ড. চৌধুরী সায়মা ফেরদৌস বলেন, বর্তমান যুগে ঘরে বসেই বিশ্বের বিপুল জ্ঞান ও তথ্য অর্জন করা সম্ভব। বর্তমান প্রজন্ম এ ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে। প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে সেগুলো বিশ্লেষণ করে যুক্তি দাঁড় করানোর সুযোগ এখন সবার জন্য উন্মুক্ত। আর এ ক্ষেত্রে মানুষের সবচেয়ে বড় শক্তি হলো তার চিন্তাশক্তি।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, যুক্তি যখন শক্তিশালী ও সুসংগঠিত হবে, তখন অন্য কোনো শক্তির প্রয়োজন হয় না। যুক্তিকে শানিত করে আত্মবিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে যেতে হবে। তাহলে কোনো বাঁধাই তোমাদের থামাতে পারবে না।

তিনি আরও বলেন, বিতর্কে অংশ নেওয়ার আগে প্রত্যেকের নিজের কাছে একটি প্রশ্ন করা উচিত—‘শেষ কবে আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি?’ তবে সেই পরিবর্তন হতে হবে ইতিবাচক এবং নিজেকে আরও ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য।

সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আখতার হোসাইন, সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান ইসমাইল মজুমদার, সাবেক কাউন্সিলর খলিলুর রহমান মজুমদার, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি আব্দুস সাদিসহ সংশ্লিষ্টরা।