স্টাফ রিপোর্টার।।
শিশুদের পুষ্টি ঘাটতি দূর করা এবং ভিটামিন ‘এ’ জনিত স্বাস্থ্যঝুঁকি প্রতিরোধে আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কুমিল্লা নগরীতে ৫৫ হাজারের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে কুমিল্লা সিটি কর্পোরেশনের অতীন্দ্র মোহন সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিটি কর্পোরেশনের মেডিক্যাল অফিসার ডা. চন্দনা রাণী।
তিনি জানান, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরীর ১১৪টি কেন্দ্রে একযোগে ক্যাম্পেইন পরিচালিত হবে। এতে মোট ৫৫ হাজার ১৯১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৭ হাজার ৮২৫ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪৭ হাজার ৩৬৬ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এ সময় সিটি করপোরেশন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু অভিভাবকদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর আহবান জানান।