মুরাদনগরের চাপিতলায় কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রার্থীর ইয়াবা সেবনের ছবি ভাইরাল

নাজিম উদ্দিন, মুরাদনগর।।
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার চাপিতলা ইউনিয়নের কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রার্থী হাফিজ ভূইয়ার ইয়াবা সেবনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়েছে।

বুধবার দুপুরের পর থেকে হাফিজ ভূইয়ার মাদক সেবনের একটি ছবি বিভিন্ন ফেইসবুক আইডিতে ছড়িয়ে পড়লে তা মুহুর্তেই ভাইরাল হয়ে যায়।

এলাকায় মাদক ও অপরাধ নিয়ন্ত্রণের জন্য কমিউনিটি পুলিশিংয়ের কমিটি করা হলেও প্রস্তাবিত কমিটির সভাপতির মাদক সেবনের ছবি ভাইরাল হওয়ায় এলাকায় তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।

চাপিতলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সভাপতি হিসেবে হাফিজ ভূইয়ার নাম দিয়ে থানায় কমিটি জমা দেয়া হয়েছে।

এলাকাবাসীর দাবী মাদকাসক্ত ব্যক্তির মাধ্যমে মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ কখনোই সম্ভব নয়। তাই হাফিজ ভূইয়াকে কমিউনিটি পুলিশিংয়ের সভাপতির পদ থেকে বহিষ্কার করে যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব দিতে হবে।

এব্যাপারে বক্তব্য জানতে হাফিজ ভূইয়ার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান এই ছবিটি অনেক আগের। আওয়ামী লীগের লোকজন আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করছে।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওসি শফিউল আলম বলেন, কমিউনিটি পুলিশিংয়ের কমিটি এখনো চুড়ান্ত হয়নি। ইউনিয়ন থেকে তালিকা দিয়েছে আমরা এগুলো যাচাই-বাছাই করে পুলিশ হেডকোয়ার্টারের গাইডলাইন অনুযায়ী কমিটি করা হবে। বিতর্কিত কাউকে কমিটিতে রাখার সুযোগ নেই।