তুহিন হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী

‎ডেস্ক রিপোর্ট।।

‎জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

‎মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ আদেশ দেন। এ ছাড়া আগামী ১২ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে।

‎এর আগে আইভী আইনজীবীদের সঙ্গে সশরীরে আদালতে উপস্থিত হলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় আদালত প্রাঙ্গণে দুই হাত মুঠো করে ‘জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবে না’ বলে শ্লোগান দেন আইভী।

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা তুহিন হত্যা মামলায় এজাহারনামীয় আসামি ৯৯ জন। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে ১ নম্বর আসামি করা হয়েছে। আইভী এই মামলার ১১ নম্বর আসামি।

‎এ বিষয়ে আইভীর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, তুহিন হত্যা মামলায় পুলিশের দাখিল করা চূড়ান্ত প্রতিবেদন এবং আইভীর পুনঃজামিনের আজ শুনানির দিন ধার্য ছিল। আদালত উভয়পক্ষের আইনজীবীদের শুনানি শেষে আইভীর পুনঃজামিন মঞ্জুর করেন।

‎উল্লেখ্য, ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে জেলার বিভিন্ন থানায় দায়ের করা ১২টি মামলায় আইভীকে আসামি করা হয়েছে। এসব মামলায় এক বছর কারাভোগের পর উচ্চ আদালত থেকে সবগুলো মামলায় জামিন পান তিনি