ব্রাহ্মণপাড়ায় কলেজ শিক্ষক গ্রেফতার, জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য

গাজী রুবেল।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বিভিন্ন ফেসবুক ফেক আইডি ব্যবহার করে ছবি, অশ্লীল পর্নোগ্রাফি কনটেন্ট এবং অত্যন্ত কুরুচিপূর্ণ ও অশালীন ক্যাপশন দিয়ে দীর্ঘদিন ধরে পোস্ট করে আসছিল একটি চক্র।

বড়ধুশিয়া আডিপাড়া “সুলতান মার্কেট” নামে একটি ফেক আইডির বিরুদ্ধে গত ১০/১২/২০২৫ ইং তারিখে রমনা মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন এক ভুক্তভোগী। এ মামলার তদন্তে নামে পুলিশের বিশেষ শাখা সিআইডি। দীর্ঘ তদন্ত শেষে সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়ায় গত ১৯ এপ্রিল কুমিল্লা থেকে নিজ বাসা থেকে শিদলাই আমীর হোসেন জোবেদা ডিগ্রি কলেজের শরীরচর্চা শিক্ষক মোঃ নাজমুল হুদা এবং বড়ধুশিয়া বাজার থেকে মোঃ ইদ্রিস মিয়াসহ দুইজনকে গ্রেফতার করে সিআইডি।

সিআইডি সূত্র জানায়, আটককৃত কলেজ শিক্ষক নাজমুল হুদার কাছ থেকে ৩টি স্মার্টফোন জব্দ করা হয়। জব্দকৃত ডিভাইস যাচাই-বাছাই করে তার মোবাইলে অসংখ্য ফেক ফেসবুক আইডি এবং পর্নোগ্রাফি ভিডিও পাওয়া যায়। অপরদিকে, গ্রেফতারের পর মোঃ ইদ্রিস মিয়াকে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্টতা না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়।
পরদিন কলেজ শিক্ষক নাজমুল হুদাকে আদালতে হাজির করা হলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ড শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২১ আদালতে হাজির করা হলে বিচারক দিদারুল আলমের আদালতে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালত জবানবন্দি গ্রহণ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার অভিযোগে জানা যায়, ২০২১ সাল থেকে তিনি ফেসবুকসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে স্বনামধন্য ব্যক্তিদের বিরুদ্ধে কুৎসা রটানো এবং পর্নোগ্রাফি সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সিআইডির তদন্তে আরও জানা যায়, অভিযুক্ত নাজমুল হুদার মোবাইলে প্রায় ২৪টি ফেক আইডির তথ্য পাওয়া গেছে। এসব আইডি ব্যবহার করে তিনি বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণা করতেন এবং অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী জানান, মেয়ের পরিচয়ে ফেক আইডি খুলে আমার কাছ থেকে প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা হাতিয়ে নেয়। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এ ঘটনায় আরও তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মোঃ ইদ্রিস মিয়া বলেন, আমার সম্পর্কে তেমন ধারণা নেই। আমি একটি বাটন মোবাইল ব্যবহার করি। নাজমুল স্যার ২০২১ সালে তার মোবাইল নম্বর আমার মোবাইলে সেভ করে দেওয়ার কথা বলে আমার কাছ থেকে মোবাইলটি নেন। পরবর্তীতে কী হয়েছে, আমি তা জানি না। তবে গত ১৯ তারিখ পুলিশ আমাকে আটক করে। আটকের পর জিজ্ঞাসাবাদে কোনো প্রমাণ না পাওয়ায় আমাকে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত কলেজ শিক্ষক নাজমুল হুদার ভাগিনা আলী আক্তার ভূঁইয়া জানান, পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য না করার নিষেধ রয়েছে। তাই পরিবারের অনুমতি ছাড়া তিনি তার মামা ষড়যন্ত্রের শিকার হয়েছেন কি না, কিংবা অপরাধে জড়িত কিনা—এ বিষয়ে কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

অভিযুক্ত মোঃ নাজমুল হুদার পরিবারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পরিবারের এই নীরবতা এবং মন্তব্য না করার অবস্থান ঘটনাটিকে আরও জটিল করে তুলেছে বলে মনে করছেন স্থানীয়রা।

শিদলাই আমীর হোসেন জোবেদা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, “আমি বর্তমানে প্রশিক্ষণে আছি। বিষয়টি কলেজ থেকে আমাকে জানানো হয়েছে। প্রশিক্ষণ শেষে কলেজে গিয়ে সভাপতি মহোদয়ের সঙ্গে আলোচনা করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফারুক হোসেন বলেন, গত ১৯ এপ্রিল ঢাকা থেকে সিআইডির সাইবার টিম এসে আমাদের সহযোগিতায় বড়ধুশিয়া এলাকা থেকে একজনকে আটক করে নিয়ে যায়। এ বিষয়ে আমাদেরকে আর কোনো তথ্য জানানো হয়নি।

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, “এ বিষয়ে আমি অবগত আছি। একজন শিক্ষক এ ধরনের অনৈতিক কাজে জড়িত থাকা অত্যন্ত লজ্জাজনক। তার বিরুদ্ধে চাকরি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।