কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ব্রাহ্মণপাড়া: বিদ্যুৎ বিপর্যয়, সড়ক ডুবে জনদুর্ভোগ

গাজী রুবেল।।
হঠাৎ আঘাত হানা কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত ব্রাহ্মণপাড়া। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থেকে ঝড়–বৃষ্টির তীব্রতায় জনজীবন কার্যত অচল হয়ে পড়ে। ঝড়ের দমকে উপজেলার বিভিন্ন এলাকায় অসংখ্য গাছ উপড়ে পড়ে, কোথাও বড় গাছ মুচড়ে গেছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা, পাকা ধানসহ ফসলি জমি মাটিতে লুটিয়ে পড়ে ব্যাপক ক্ষতির মুখে। বিদ্যুৎ খাতে নেমেছে বড় ধস। খুঁটি ভেঙে পড়া, তার ছিঁড়ে যাওয়া ও ট্রান্সফরমার বিকলের কারণে বিস্তীর্ণ এলাকা অন্ধকারে ডুবে গেছে।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ সূত্র জানায়, ২টি সাবস্টেশনের মধ্যে মাত্র ১টি চালু রয়েছে। ৩৩ কেভি ফিডারের ২টির মধ্যে ১টি সচল এবং ১১ কেভি ফিডারের ১১টির মধ্যে মাত্র ৪টি আংশিক চালু করা গেছে।

উপজেলার ৮৩ হাজার ২৭৩ গ্রাহকের মধ্যে এখনো প্রায় ৬৭ হাজার ৫৯৬ জন বিদ্যুৎবিহীন। পরিস্থিতি স্বাভাবিক হতে অন্তত ২৩ ঘণ্টা লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাবে ভেঙে গেছে ৮টি বিদ্যুৎ খুঁটি, নষ্ট হয়েছে ১৩টি ট্রান্সফরমার (সংখ্যা বাড়তে পারে), ক্ষতিগ্রস্ত ১৮টি ক্রসআর্ম, ১৩৪ স্থানে লাইনের ওপর গাছ, ৭৮ স্থানে তার ছিঁড়ে গেছে এবং অন্তত ৯২টি অন্যান্য ক্ষতি চিহ্নিত হয়েছে।

অন্যদিকে, টানা বৃষ্টিতে কুমিল্লা-মিরপুর সড়কের বিভিন্ন অংশ পানির নিচে তলিয়ে গিয়ে যান চলাচল ব্যাহত হয়। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত স্থাপনা ও পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হচ্ছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে স্থায়ী সমাধানে সড়ক উঁচু করার উদ্যোগ নেওয়া হবে এবং সড়ক ও জনপদ বিভাগের সঙ্গে সমন্বয় চলছে। সোমবার ও মঙ্গলবারের টানা বৃষ্টির পর পরিস্থিতি আরও নাজুক হয়ে ওঠে। ঝড় থেমে গেলেও আতঙ্ক কাটেনি। ক্ষতিগ্রস্ত এলাকায় এখনো পড়ে আছে উপড়ে পড়া গাছ ও ধ্বংসস্তূপ।
স্থানীয়দের দাবি দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন ও ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য জরুরি সহায়তা নিশ্চিত করতে হবে।