এইচ. এম. তামীম আহাম্মেদ।।
কুমিল্লা সদরের কালীর বাজার ইউনিয়নের পাহাড়তলী এলাকার কিশোরী নুসরাত জাহান চৈতী (১৬)। একসময় অন্যসব শিশুদের মতো খেলাধুলা আর হাসি-আনন্দে দিন কাটতো তার। কিন্তু এখন অল্প হাঁটাহাঁটিতেই হাঁপিয়ে ওঠে সে, দ্রুত শ্বাস নিতে থাকে এবং তীব্র ক্লান্তিতে ভুগে পড়ে।
জন্মের কয়েক মাস পরই চিকিৎসকদের পরীক্ষায় ধরা পড়ে, নুসরাতের হার্টে একটি ছিদ্র রয়েছে। তবে আর্থিক সংকটের কারণে সময়মতো উন্নত চিকিৎসা করানো সম্ভব হয়নি পরিবারের। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শারীরিক জটিলতাও বাড়তে থাকে। বর্তমানে তার অবস্থা এতটাই খারাপ যে ঠিকমতো হাঁটাচলা করতেও কষ্ট হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, নুসরাত জন্মগতভাবেই হৃদরোগে আক্রান্ত। তাকে দ্রুত হার্টের অস্ত্রোপচার করাতে হবে। এ জন্য প্রয়োজন প্রায় ৫ থেকে ৬ লাখ টাকা, যা তার অসহায় পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব।
নুসরাতের মা ফারজানা আক্তার দুই মেয়েকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর কখনও বাসাবাড়িতে কাজ করে, আবার কখনও হাসপাতালে আয়ার চাকরি করে সংসার চালান তিনি। মাসে মাত্র ৫ হাজার টাকা বেতনে কোনো রকমে সংসার চলে। বাবার দেওয়া ছোট্ট বসতভিটাই তাদের শেষ সম্বল।
পারিবারিক সূত্র জানায়, ছোটবেলায় নুসরাতকে কুমিল্লার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। কিন্তু অর্থাভাবে তা আর সম্ভব হয়নি। এখন দিন দিন তার শারীরিক অবস্থা অবনতির দিকে যাচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ফারজানা আক্তার অত্যন্ত অসহায় একজন মানুষ। মেয়ের চিকিৎসার খরচ বহন করার মতো সামর্থ্য তার নেই। সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষ এগিয়ে এলে হয়তো নতুন জীবন ফিরে পেতে পারে নুসরাত। অন্যসব কিশোরীর মতো স্বাভাবিকভাবে বেঁচে থাকার স্বপ্ন পূরণ হতে পারে তার।
নুসরাতের মা ফারজানা আক্তার বলেন,“আমার সামান্য বসতবাড়ি ছাড়া আর কিছুই নেই। খুব কষ্ট করে সংসার চালাই। মেয়ের অপারেশনের জন্য পাঁচ-ছয় লাখ টাকা প্রয়োজন। এত টাকা আমার পক্ষে কোনোভাবেই জোগাড় করা সম্ভব নয়। তাই সমাজের হৃদয়বান মানুষের কাছে মেয়ের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানাচ্ছি।”