দেবীদ্বারে ভাতিজিকে ধর্ষণের অভিযোগে মাদ্রাশাশিক্ষক গ্রেফতার

তাছকিয়া রহমান প্রতিভা, দেবীদ্বার:

কুমিল্লার দেবীদ্বারে ১১ বছর বয়সী ভাতিজিকে গত একবছর ধরে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মাদ্রাসাশিক্ষক মো. নুরুল ইসলাম (৩৩)-কে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত নুরুল ইসলাম সম্পর্কে ভুক্তভোগী শিশুটির আপন চাচা।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ নভেম্বর) রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে তাকে কুমিল্লা স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অভিযুক্ত মো. নুরুল ইসলাম (৩৩) উপজেলার ধামতী গ্রামের তমিজ উদ্দিন সরকার বাড়ির আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি ময়নামতি ১৫ নম্বর গেইটের ‘ক্যান্টনমেন্ট হাজী মজিদিয়া নূরানী মাদ্রাসার শিক্ষক ছিলেন।

গত ৮ নভেম্বর ওই মাদ্রাসার এক ছাত্র বলাৎকারের অভিযোগে চাকরিচ্যুত হন। ওখান থেকে এসে দেবীদ্বার সদরের “দেবীদ্বার- চান্দিনা সড়কের” ‘হিলফুলফুজুল স্কুলের পাশে ভাড়া বাসা নিয়ে স্থানীয় একটি নুরানী মাদ্রাসায় চাকরির চেষ্টা করছিলেন।

অপরদিকে ভুক্তভোগী শিশুটিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (ভুক্তভোগী সার্ভিস সেন্টারে) ডাক্তারি পরীক্ষা শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ম্যাজিস্ট্রেটের নিকট ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

ঘটনাটি ঘটে শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় একতলা বিশিষ্ট একটি ভবনের ছাদে।

ওই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে দেবীদ্বার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলার বিবরণীতে তিনি উল্লেখ করেন, আমি একজন গৃহিণী। আমার স্বামী ঢাকায় চাকরি করেন। অভিযুক্ত নুরুল ইসলাম আমার আপন দেবর ও সে একজন মাদ্রাসার শিক্ষক। ভুক্তভোগী (১১) আমার মেয়ে। সে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়াশুনা করে। নুরুল ইসলাম একজন নারীলোভী প্রকৃতির লোক। সে বিগত এক বছর যাবত আমার মেয়েকে খাবারের লোভ দেখিয়ে, বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে, এমন কি ভয়ভীতি প্রদর্শন ও জীবননাশের হুমকিতে তাঁর ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে। তারই ধারাবাহিকতায় শুক্রবার (২৭ নভেম্বর) সকাল অনুমান সাড়ে ১০টায় নুরুল ইসলাম ভুক্তভোগীকে পূর্বের ন্যায় বিভিন্ন খাবারের লোভ দেখিয়ে ও বিভিন্ন রকম প্রলোভনে একটি ভবনের ছাদের উপর নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টাকালে প্রতিবেশীরা তাকে হাতেনাতে ধরে ফেলে এবং আমার মেয়েকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে মেয়ে গত এক বছরের ঘটনার বর্ণনা দেয়।

এ ব্যাপারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ভুক্তভোগীর মায়ের অভিযোগে মামলা হয়েছে, অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা ও ম্যাজিস্ট্রেটের নিকট ২২ ধারায় ভুক্তভোগীর জবানবন্দি লিপিবদ্ধ করা হয়েছে। অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক শিশু বলাৎকারের অভিযোগে গত ২২ দিন পূর্বে একটি মাদ্রাসা থেকে চাকরিচ্যুত হয়েছে।