মাদক কারবারে বাধা দেওয়ায় সজীবের ওপর হামলার অভিযোগ, হাসপাতালে গিয়েও হুমকি

পারভেজ সরকার, দেবিদ্বার:

কুমিল্লার দেবিদ্বারে মাদক কেনাবেচায় বাধা দেওয়াকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে সজীব নামে এক যুবককে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। লোহার রড, ধারালো ছুরি ও লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে মনছুর মুন্সী, তাঁর ছেলেসহ চারজনের বিরুদ্ধে। এ ঘটনায় অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে অভিযুক্ত করে দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আহত সজীবের বাবা শফিক মীর। বর্তমানে সজীব কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টায় দেবিদ্বার উপজেলার গুনাইঘর এলাকায় চরজনিয়া শহিনূরের চায়ের দোকানের সামনে দেবিদ্বার-গজারিয়া সড়কে এ হামলার ঘটনা ঘটে।

লিখিত অভিযোগে মনছুর মুন্সী (৪০), তাঁর ছেলে মো. রাহাদ (১৯), বিল্লাল হোসেন (৪৫) ও মো. হেলাল (৩৩)-এর নাম উল্লেখ করা হয়েছে। তাঁদের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সজীব এলাকাবাসীর সঙ্গে একত্রিত হয়ে মনছুর মুন্সীর মাদকসংশ্লিষ্ট কর্মকাণ্ড ও মাদক কেনাবেচায় বাধা দেন। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এরই জেরে সজীবের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন তাঁর স্বজনেরা।

সজীবের বাবার দেওয়া অভিযোগে বলা হয়, ঘটনার দিন দেবিদ্বার থেকে বাড়ি ফেরার পথে গুনাইঘর এলাকার ওই চায়ের দোকানের সামনে পৌঁছালে অভিযুক্তরা তাঁর ছেলের পথরোধ করেন। এ সময় তাঁকে চারদিক থেকে ঘিরে লোহার রড, ধারালো ছুরি ও লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়।

অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে এক ব্যক্তি লোহার রড দিয়ে সজীবের মাথায় আঘাত করতে গেলে তিনি হাত দিয়ে প্রতিহত করার চেষ্টা করেন। এতে তাঁর ডান হাতের কবজিতে গুরুতর আঘাত লাগে। পরে ধারালো ছুরি দিয়ে তাঁর ডান হাঁটুতে আঘাত করা হয়। এ ছাড়া একপর্যায়ে তাঁর গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ সময় সজীবের সঙ্গে থাকা ১৭ হাজার ৫৫০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করেছেন তাঁর বাবা। একই সঙ্গে ঘটনার বিষয়ে কাউকে জানালে কিংবা আইনি পদক্ষেপ নিলে পরিবারের সদস্যদের পুনরায় মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

শফিক মীর আরও অভিযোগ করেন, আহত ছেলেকে প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অভিযুক্তরা সেখানে গিয়েও তাঁদের ওপর পুনরায় হামলার চেষ্টা করেন। পরে সজীবের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ ঘটনায় পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সজীবের বাবা শফিক মীর।

এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বাবুল বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।